ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির ছবির ক্যাপশন: দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে পরোয়ানাভুক্ত আসামির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত এক আসামির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ছবিতে দেখা যাওয়া ব্যক্তির নাম সালাউদ্দিন শরীফ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ১৮ মার্চ তাঁকে দুমকী উপজেলা যুবদলের সদস্যসচিব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, সালাউদ্দিন শরীফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ মে অনুষ্ঠিত উপাচার্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের ২ জুন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সালাউদ্দিন শরীফ ও তাঁর ঘনিষ্ঠরা ইউএনওর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সেই মুহূর্তে তোলা একটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে শুধু সালাউদ্দিন শরীফই নন, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দল থেকে বহিষ্কৃত দুমকী উপজেলা বিএনপির নেতা জসিম উদ্দিন হাওলাদার ও মতিউর রহমান এবং কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াহাবসহ আরও কয়েকজনকেও দেখা যায়।

বিষয়টি নিয়ে সাবেক বিএনপি নেতা মতিউর রহমান বলেন, নতুন ইউএনওকে শুভেচ্ছা জানাতে তারা গিয়েছিলেন। সেখানে পরোয়ানাভুক্ত আসামি উপস্থিত ছিলেন কি না, তা তাদের জানা ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তারা জানতে পারেন।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মামলার সাক্ষী আবুল বাশার নিউটন বলেন, হামলার ঘটনায় একাধিক শিক্ষক-কর্মকর্তা আহত হয়েছেন এবং এ ঘটনায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, একজন পরোয়ানাভুক্ত আসামি প্রশাসনিক পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে ছবি তুলছেন—এটি উদ্বেগজনক।

দুমকী থানার ওসি জানান, মামলায় ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আরও কয়েকজন আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। সালাউদ্দিন শরীফকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হলেও তিনি পলাতক রয়েছেন বলে দাবি পুলিশের।

অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা প্রশাসনের কার্যক্রম, নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঝারদিয়ায় সরকারি জমি নিয়ে উত্তেজনা, রাতেই সংঘর্ষ

মাঝারদিয়ায় সরকারি জমি নিয়ে উত্তেজনা, রাতেই সংঘর্ষ