কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেন, সীমান্তে পুশ ইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেক্টর কমান্ডার বলেন, পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে পুশ ইনের এমন ঘটনা নজিরবিহীন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করছে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি সীমান্ত এলাকার হতদরিদ্র ও বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি সন্ধ্যা পর্যন্ত চলবে। এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
কসমিক ডেস্ক