দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আর্থিক নীতি নির্ধারণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা এবং নীতিনির্ধারণকে আরও কার্যকর, স্বচ্ছ ও তথ্যনির্ভর করতে পাঁচটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগে বিশ্বের বিভিন্ন খাতের খ্যাতিমান বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রাজ চেটি, মাইক্রোসফটের জ্যেষ্ঠ নির্বাহী আশা শর্মা, ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ভিন কিং, ওয়ালমার্টের সাবেক প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলন, নোবেলজয়ী অর্থনীতিবিদ টমাস সার্জেন্ট এবং প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রেসেন।
ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা, যা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা।
ফেডের নবনিযুক্ত চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে লক্ষ্যমাত্রার ওপরে থাকায় নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন হয়ে পড়েছে। সে কারণেই বিভিন্ন মতাদর্শ ও অভিজ্ঞতার বিশেষজ্ঞদের একত্র করে এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
তার ভাষায়, ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ফেডকে আরও দক্ষ ও প্রস্তুত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, ১৫ জন অভিজ্ঞ বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
গঠিত পাঁচটি টাস্ক ফোর্স ফেডের গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রগুলো পর্যালোচনা করবে। এর মধ্যে রয়েছে যোগাযোগ কৌশল, ব্যালেন্স শিট ব্যবস্থাপনা, অর্থনৈতিক তথ্যের ব্যবহার, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির কাঠামো।
রঘুরাম রাজন ব্যালেন্স শিট পলিসি টাস্ক ফোর্সে কাজ করবেন। তার সঙ্গে থাকবেন হার্ভার্ডের অর্থনীতিবিদ ক্যারেন ডাইনান এবং ফেডের সাবেক গভর্নর জেরেমি স্টাইন। এই দল ফেডের বর্তমান ব্যালেন্স শিট ব্যবস্থার ব্যয়, সুবিধা, ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করবে। পাশাপাশি সম্পদ ধারণ এবং মুদ্রানীতি বাস্তবায়নে এসব সম্পদের ভূমিকা বিশ্লেষণ করবে।
রঘুরাম রাজন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ ও গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা ও মুদ্রানীতি বিষয়ে তার গবেষণা আন্তর্জাতিকভাবে সমাদৃত।
অন্যদিকে হার্ভার্ডের অধ্যাপক রাজ চেটি নেতৃত্ব দেবেন ডেটা টাস্ক ফোর্সের। এই দল অর্থনৈতিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং দ্রুত প্রাপ্যতা উন্নত করার উপায় খুঁজবে, যাতে ফেড সময়োপযোগী ও কার্যকর নীতিগত সিদ্ধান্ত নিতে পারে।
মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এক্সবক্স প্রধান আশা শর্মা থাকবেন উৎপাদনশীলতা ও কর্মসংস্থানবিষয়ক টাস্ক ফোর্সে। এই দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ উদীয়মান প্রযুক্তির অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করবে।
কোভিড-১৯ মহামারির সময় অর্থনীতিকে সচল রাখতে ফেড তার ব্যালেন্স শিট প্রায় ৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত করেছিল। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সেই ব্যালেন্স শিট ধীরে ধীরে কমানোর প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে গঠিত নতুন টাস্ক ফোর্সগুলো ভবিষ্যতের মুদ্রানীতি প্রণয়ন এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কসমিক ডেস্ক