বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই প্রস্তাব বা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই সনদের আংশিক নয়, বরং পুরো প্যাকেজ বাস্তবায়ন হওয়া উচিত।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাই সনদের আংশিক বাস্তবায়ন নয়, বরং সম্পূর্ণ বাস্তবায়ন চায়।
তিনি বলেন, “আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য, সেটুকুই নেব।”
জুলাই সনদের বিষয়টি নিয়ে সরকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানও জানান জামায়াত আমির।
তিনি বলেন, সরকার যেন জুলাই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেয়।
ডা. শফিকুর রহমান আরও জানান, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়।
তিনি বলেন, “আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে আমরা পরামর্শ দেব।”
তার মতে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদও করা হবে।
এদিকে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে সরকার দল থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের অবস্থান কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।”
তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বিরোধী দলের অবস্থান সংসদ অধিবেশনের সময় স্পষ্ট হবে বলে ইঙ্গিত দেন।
বিরোধীদলীয় সংসদীয় দলের এই সভায় দলটির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সভায় সংসদে বিরোধী দলের ভবিষ্যৎ ভূমিকা ও কৌশল নিয়েও আলোচনা হয়।
কসমিক ডেস্ক