গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট এখন বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, গ্রামে গেলে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়, যা জনপ্রতিনিধিদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে উঠছে।
বুধবার (৮ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বাবুল জানান, তার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৭ মেগাওয়াট। একইভাবে অফ-পিক সময়ে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২৫ মেগাওয়াট। এর ফলে গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
তিনি জানতে চান, এ পরিস্থিতি থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভব হবে এবং এলাকাবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।
জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের প্রধান সমস্যা ট্রান্সমিশন লাইনে। এ সমস্যা সমাধানে নতুন ট্রান্সমিশন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
তিনি জানান, বড় আকারের ট্রান্সমিশন টাওয়ার নির্মাণের জন্য জমি অধিগ্রহণে আইনি জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের জন্য ভালুকা এলাকায় একটি মামলায় সরকার বিজয়ী হলেও এখনো পুরোপুরি কাজ শুরু করা সম্ভব হয়নি।
মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করা গেলে ওই অঞ্চলের বিদ্যুৎ সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কসমিক ডেস্ক