শাওমির বৈদ্যুতিক গাড়ি এসইউ৭ (SU7) নিয়ে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের অভিযোগে চীনের এক ব্লগারকে ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ ইউয়ান জরিমানাও করেছে আদালত।
শুক্রবার (১৭ জুলাই) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্লগারের নাম গাও। তিনি শাওমির জনপ্রিয় এসইউ৭ ইলেকট্রিক সেডান গাড়ির নিরাপত্তা নিয়ে মিথ্যা দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
বেইজিংয়ের হাইদিয়ান জেলা আদালত তাকে পণ্যের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
ঘটনাটি ২০২৪ সালের আগস্টের। গাও ও তার দল একটি দুর্ঘটনা পরীক্ষার ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দাবি করা হয়, দুর্ঘটনার পর শাওমির এসইউ৭ গাড়ির দরজা খুলছিল না, জরুরি কল সিস্টেম কাজ করছিল না এবং কেন্দ্রীয় ডিসপ্লেও বন্ধ হয়ে গিয়েছিল।
ভিডিওটি গাওয়ের ভিডিও শেয়ারিং অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তার অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ অনুসারী ছিল এবং ভিডিওটি প্রায় ৩০ লাখ বার দেখা হয়।
তবে আদালতের তদন্তে উঠে আসে, ভিডিওটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল।
আদালতের মতে, ভিডিও ধারণের আগে গাও ও তার সহযোগীরা গাড়ির সহায়ক ব্যাটারিতে গোপনে কারসাজি করেন। এছাড়া ফর্কলিফটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত একটি ব্যাটারির ভিডিও ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করা হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানিয়েছে, এসব প্রমাণের ভিত্তিতেই আদালত ব্লগারকে দোষী সাব্যস্ত করে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে শাওমি জানিয়েছিল, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে এক ব্লগার ও তার সহযোগীদের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, চীনে সাম্প্রতিক সময়ে গাড়ি শিল্পে ভুয়া বিজ্ঞাপন, বিভ্রান্তিকর প্রচারণা এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কসমিক ডেস্ক