চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে এক ব্যক্তিকে পাচার, সেখানে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বরিশালে চার ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল।
সোমবার (১৪ জুলাই) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালত পৃথক তিনটি ধারায় তিন ভাই রাশেদ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (৩৫) ও টিপু হাওলাদারকে মোট ১৯ বছর করে এবং তাদের বোন রেশমা আক্তারকে (৩০) মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৬ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
দণ্ডিতদের মধ্যে রেশমা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি পলাতক রয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামকে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে সৌদি আরবে পাঠানো হয়। বিদেশে পাঠানোর জন্য তার কাছ থেকে মোট ৪ লাখ ৬৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি সৌদি আরবে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয় এবং জানানো হয় যে আকামা (কাজের অনুমতিপত্র) না থাকায় বাইরে যাওয়া যাবে না।
পরে আকামা করে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। এ অবস্থায় শহিদুল ইসলামের স্ত্রী অহিদা খাতুন আসামিদের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানান। তবে অভিযোগ অনুযায়ী, তারা এতে রাজি হননি।
পরবর্তীতে অহিদা খাতুন মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার পরবর্তী সময়ে চাপের মুখে শহিদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় প্রদান করেন।
কসমিক ডেস্ক