সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে যারা স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতির সুযোগ পাননি, তাদের কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করেছে সরকার। বুধবার (৮ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিকালে বঞ্চনা, অবিচার বা প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করা সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত কর্মকর্তারা এ সুযোগের আওতায় আবেদন করতে পারবেন। এছাড়া যারা আগে সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরের গঠিত পর্ষদ কিংবা সরকারের গঠিত কমিটির কাছে আবেদন করেননি অথবা আবেদন করলেও তা বিবেচনায় আসেনি, তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী কর্মকর্তাদের আগামী ১০ আগস্ট-এর মধ্যে সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে গঠিত কমিটিকে আগামী ১ ডিসেম্বর-এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর কাছে সুপারিশ জমা দিতে হবে।
আবেদন পর্যালোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেলকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরাও রয়েছেন। প্রয়োজন হলে কমিটির সভাপতি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কমিটি আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ, দাখিল করা নথিপত্র ও দালিলিক তথ্য যাচাই এবং মানবিক বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে। তবে কেবল ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের আবেদনই বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছিল। নতুন উদ্যোগের মাধ্যমে আরও যোগ্য আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কসমিক ডেস্ক