দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক (Anthropic)-এর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন ইলন মাস্ক। তবে এবার তিনি নিজের আগের অবস্থান থেকে সরে এসে প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, বর্তমানে এআই প্রযুক্তিতে অ্যানথ্রপিকই ‘অবিসংবাদিত নেতা’।
এর আগে মাস্ক অ্যানথ্রপিককে ‘মানববিদ্বেষী’ এবং ‘তথ্য চোর’ বলে সমালোচনা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে তিনি স্বীকার করেন যে, এ বিষয়ে তার আগের মূল্যায়ন সঠিক ছিল না।
মাস্কের ভাষ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের ‘মিথোস (Mythos)’ এবং ‘ফ্যাবল (Fable)’ মডেলগুলো বর্তমানে এআই শিল্পের অন্যতম সেরা প্রযুক্তি। তিনি বলেন, এসব মডেলের সক্ষমতা তাকে মুগ্ধ করেছে।
তিনি আরও জানান, অ্যানথ্রপিক তার প্রতিষ্ঠানের সার্ভার অবকাঠামো ভাড়ায় ব্যবহার করে। তবে এই ব্যবসায়িক সম্পর্কের সুযোগ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি করবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার মাস্কের প্রতিষ্ঠান SpaceXAI তাদের নতুন এআই মডেল ‘গ্রোক ৪.৫ (Grok 4.5)’ উন্মোচন করেছে। মাস্কের দাবি, নতুন এই মডেলটি অ্যানথ্রপিকের ‘ওপাস ৪.৭ (Opus 4.7)’-এর সমমানের সক্ষমতা রাখে, তবে এটি তুলনামূলকভাবে দ্রুত, কম খরচে পরিচালিত হয় এবং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য আরও উপযোগী।
অন্যদিকে, একই সপ্তাহে OpenAI তাদের নতুন প্রজন্মের মডেল ‘GPT-5.6’ উন্মোচন করেছে। নিরাপত্তা যাচাইয়ের কারণে মডেলটি প্রকাশে কিছুটা সময় বেশি লেগেছে বলে জানানো হয়েছে।
এআই প্রতিযোগিতায় পিছিয়ে নেই Meta-ও। প্রতিষ্ঠানটি ডেভেলপারদের জন্য নতুন এআই মডেল ‘Muse Spark 1.1’ প্রকাশ করেছে, যা এআই প্রযুক্তির নতুন প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিক, ওপেনএআই, মেটা এবং মাস্কের প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলমান প্রতিযোগিতা আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত উন্নয়নকে আরও গতিশীল করবে।
কসমিক ডেস্ক