এক সারিতে ৬ গ্রহ, শনিবার আকাশে দেখা যাবে বিরল ‘প্ল্যানেট প্যারেড’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক সারিতে ৬ গ্রহ, শনিবার আকাশে দেখা যাবে বিরল ‘প্ল্যানেট প্যারেড’

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
এক সারিতে ৬ গ্রহ, শনিবার আকাশে দেখা যাবে বিরল ‘প্ল্যানেট প্যারেড’ ছবির ক্যাপশন:

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের ছয়টি গ্রহ একই সরলরেখায় অবস্থান করছে—এমন দৃশ্য দেখা যাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর। জ্যোতির্বিদরা এই ঘটনাকে বলছেন ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ। বাংলাদেশ থেকেও খালি চোখে এর বেশিরভাগ অংশ উপভোগ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পশ্চিম আকাশে সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে এদের অবস্থানই তৈরি করবে দৃষ্টিনন্দন এই গ্রহশোভাযাত্রা।

জ্যোতির্বিদদের ভাষ্য অনুযায়ী, শুক্র, বৃহস্পতি ও শনিকে সহজেই খালি চোখে দেখা যাবে। এদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি হওয়ায় আকাশে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। বুধ অবস্থান করবে পশ্চিম দিগন্তের খুব নিচুতে। ফলে পরিষ্কার দিগন্তরেখা না থাকলে এটি দেখা কিছুটা কঠিন হতে পারে। অন্যদিকে ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

বৃহস্পতি তুলনামূলক উজ্জ্বল হয়ে আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান থাকবে। শনি অবস্থান করবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি স্থানে। সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই কয়েকটি গ্রহ ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাবে। তাই এই বিরল দৃশ্য উপভোগ করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আকাশ পর্যবেক্ষণ করা জরুরি।

বিজ্ঞানীরা বলছেন, এই বিন্যাস মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ-কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। কিন্তু পৃথিবী থেকে দেখলে মনে হয় তারা যেন একই সরলরেখায় পাশাপাশি অবস্থান করছে। এ ধরনের গ্রহসমাবেশ সৌরজগতের কক্ষপথগত অবস্থানের স্বাভাবিক ফল।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদদের মতে, এ ধরনের পূর্ণাঙ্গ সমাবেশ ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। তবে ছয় গ্রহের এ ধরনের সমাবেশও তুলনামূলকভাবে বিরল এবং আকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়।

উত্তর গোলার্ধে অবস্থানকারী দেশগুলো থেকে এ দৃশ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্ট দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পরিষ্কার আকাশ ও আলোকদূষণ কম থাকলে দৃশ্যটি আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা খোলা স্থান, বিশেষ করে পশ্চিম দিগন্ত পরিষ্কার দেখা যায় এমন জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মহাকাশের এমন ব্যতিক্রমধর্মী দৃশ্য সাধারণ মানুষের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায়। খালি চোখে একাধিক গ্রহকে একই সারিতে দেখতে পাওয়া নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা। তাই নির্ধারিত সময়ের মধ্যে আকাশের দিকে তাকালেই মিলতে পারে এক বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষাৎ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন ঘিরে বাহিনীর ভূমিকার প্রশংসা জেনারেল ওয়াকারের

নির্বাচন ঘিরে বাহিনীর ভূমিকার প্রশংসা জেনারেল ওয়াকারের