রাজধানীজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভাগভিত্তিক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৬১ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ৮৮ জন, গুলশানে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জন।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক (থ্রি-হুইলার), উদ্ধার হওয়া একজন ভিকটিম, ৯টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কসমিক ডেস্ক