ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা নিজেদের সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক ঘোষণায় তিনি এই পরিকল্পনার কথা উল্লেখ করেন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে এবং ধাপে ধাপে গাজার বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, যা আগে ছিল প্রায় ৫০ শতাংশ। তার নতুন নির্দেশ অনুযায়ী, প্রথম ধাপে গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিলের শেষ দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাঠানো মানচিত্রে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতিতে গাজার বাকি অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি জনগণকে অত্যন্ত সংকুচিত এলাকায় আশ্রয় নিতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংকট আরও গভীর হওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
অন্যদিকে, ২০২৫ সালের অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে নির্দিষ্ট একটি সীমারেখা পর্যন্ত পিছু হটার কথা ছিল। তবে সাম্প্রতিক অভিযোগ অনুযায়ী, সেই সীমারেখা পরিবর্তন করে নতুন করে অগ্রসর হওয়ায় চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস।
গাজার পরিস্থিতি নিয়ে নতুন এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
কসমিক ডেস্ক