বন্যা পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসনের প্রতিবেদন এবং চলমান বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বুধবারের নির্ধারিত এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো আপাতত অনুষ্ঠিত হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের সংশোধিত রুটিনের জন্য শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে বলা হয়েছে।
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে নির্ধারিত এইচএসসি পরীক্ষা এবং চট্টগ্রাম বোর্ডের বাইরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে প্রথম দফায় শুধু চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনায় রেখে আগেই বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছিল বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
কসমিক ডেস্ক