বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই বিশ্বের কোটি কোটি সমর্থকের উন্মাদনা। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু ম্যাচ নয়, টিকিটের নজিরবিহীন মূল্যও। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ইতিহাসের নতুন রেকর্ড গড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের গড় টিকিটমূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকার সমান। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ গড় টিকিটমূল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে সর্বোচ্চ মূল্যের একটি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে, অর্থাৎ প্রায় ৩৫ লাখ টাকায়।
তবে দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার আগে টিকিটের মূল্য আরও বেশি ছিল। আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে সর্বনিম্ন টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। ফাইনাল নিশ্চিত হওয়ার পর কিছুটা কমলেও মূল্য এখনো সাধারণ দর্শকদের নাগালের অনেক বাইরে।
টিকপিকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট। এর পরের অবস্থানে রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই, যার গড় টিকিটমূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার। এছাড়া ২০২১ সালের সুপার বোল এলভি, ২০২০ সালের সুপার বোল এলআইভি এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচও ব্যয়বহুল ইভেন্টের তালিকায় রয়েছে।
অন্যদিকে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর সেই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে যায়।
টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিক জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে যেখানে গড় টিকিটমূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, সেমিফাইনাল পর্যায়ে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে। তবে সব ম্যাচে মূল্য বৃদ্ধি পায়নি। পুনর্বিক্রয় বাজারে কয়েকটি ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ার পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে আসে।
উল্লেখ্য, প্রথম ধাপে টিকিট বিক্রির সময় ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। তবে পুনর্বিক্রয় বাজারে সেই মূল্য বহুগুণ বেড়ে যাওয়ায় অনেক সমর্থক অভিযোগ করেছেন, ২০২৬ বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের আসরে পরিণত হয়েছে। সমর্থকদের এমন সমালোচনার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল নতুন করে পর্যালোচনা করা হবে।
কসমিক ডেস্ক