ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ‘গড়িমসি’ করার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ পরিস্থিতিকে ‘চক্রান্ত’ হিসেবে আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা দাবি করেছে। প্রয়োজন হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ‘কঠোর আন্দোলনে’ যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির নেতারা।
ভোরে ইসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ চাইতে এসে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি ‘বিশেষ দলকে সুবিধা দিতেই’ ফল প্রকাশে ‘গড়িমসি’ করা হচ্ছে।
তিনি বলেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। রাত ৪টা পর্যন্ত কিছু আসনের ফল প্রকাশ না হওয়াকে তিনি ‘অস্বাভাবিক বিলম্ব’ হিসেবে উল্লেখ করেন।
বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ফল প্রকাশে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ঢাকা-১৫ আসনে, যেখানে দলটির আমির প্রার্থী রয়েছেন, সেই আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। অন্য অনেক বড় আসনের ফল দ্রুত প্রকাশ করা হলেও এ আসনে বিলম্ব হচ্ছে বলে দাবি করেন তিনি। সেখানে অন্তত ২০ হাজার ভোটে এগিয়ে থাকার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সারা দেশের বিভিন্ন আসন পর্যালোচনা করে একই ধরনের ‘চক্রান্তের গন্ধ’ পাওয়া যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
জামায়াত নেতারা বলেন, তারা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেন না এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘দুর্বার প্রতিরোধ’ গড়ে তোলা হবে।
কসমিক ডেস্ক