সিলেটের জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘দুধওয়ালা’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটের জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘দুধওয়ালা’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
সিলেটের জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘দুধওয়ালা’ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেটের জনপ্রিয় দুগ্ধ ও মিষ্টান্ন ব্র্যান্ড ‘দুধওয়ালা’ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সিলেট নগরীর জালালাবাদ এলাকায় অবস্থিত দুধওয়ালার আউটলেট ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্যের স্বাদ গ্রহণ করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টি দই, রসমালাই, ঘি, কুকিজসহ দুধওয়ালার বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি এসব পণ্যের স্বাদ গ্রহণের পর গুণগত মান, উপস্থাপনা এবং উৎপাদন প্রক্রিয়ার প্রশংসা করেন।

দুধওয়ালার উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে জানান, চারজন ডেইরি খামারির উদ্যোগে কাঁচা দুধে মূল্য সংযোজনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে আধুনিক প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ঐতিহ্যবাহী রেসিপির সমন্বয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে।

তারা আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ ও রেসিপি নিয়ে গবেষণার মাধ্যমে স্থানীয় ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য তৈরি করা হচ্ছে। বিশেষ করে বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি দই থেকে অনুপ্রাণিত হয়ে সিলেট অঞ্চলের মানুষের স্বাদের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব বৈশিষ্ট্যের মিষ্টি দই তৈরি করা হয়েছে।

এছাড়া মিষ্টি দই পরিবেশনের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী মাটির সরা বাটি বগুড়া থেকে সংগ্রহ করা হয়, যা বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্পের ঐতিহ্যকে তুলে ধরে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের উৎপাদিত কিছু দুগ্ধজাত পণ্য বর্তমানে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে নিজস্ব ‘দুধওয়ালা’ ব্র্যান্ডেই আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় রপ্তানি অনুমোদনও ইতোমধ্যে অর্জন করা হয়েছে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুধওয়ালার উদ্যোক্তাদের সঙ্গে ব্র্যান্ডিং, আন্তর্জাতিক বিপণন, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

সফরের স্মারক হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ স্মারক দুধওয়ালার প্রতিষ্ঠাতাদের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত।

দুধওয়ালার উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তাদের জন্য অত্যন্ত সম্মানের। তাদের বিশ্বাস, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দুধওয়ালা ব্র্যান্ডের পরিচিতি আরও বাড়বে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দুগ্ধ ও মিষ্টিজাত পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।

উদ্যোক্তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত পরিসরে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের দুগ্ধশিল্প ও খাদ্যপ্রক্রিয়াজাত খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাল টাকা উদ্ধার ঘিরে ডিবি তেজগাঁও বিভাগে তীব্র দ্বন্দ্ব

জাল টাকা উদ্ধার ঘিরে ডিবি তেজগাঁও বিভাগে তীব্র দ্বন্দ্ব