বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের একজন জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ ৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের একজন জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের একজন জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ ৫ ছবির ক্যাপশন:

বঙ্গোপসাগরের গভীরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৬ জেলের মধ্যে আল আমিন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে ভোলার ঢালচর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন অন্য জেলেরা। পরে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উদ্ধার হওয়া আল আমিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের চান মিয়া হাওলাদারের ছেলে। তবে তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য পাঁচ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, বৃহস্পতিবার সকালে চরফ্যাশনের দুলাল মাঝি আল আমিনের স্ত্রী মাকসুদা বেগমকে মোবাইল ফোনে তার উদ্ধারের খবর দেন। পরে পরিবারের সদস্যরা স্পিডবোটে চরফ্যাশনে গিয়ে আল আমিনকে গলাচিপায় নিয়ে আসেন।

উদ্ধার হওয়া জেলে আল আমিন জানান, গত রবিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে তাদের ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন। দুর্ঘটনার সময় তিনজন ট্রলারের ভেতরেই আটকা পড়ে বের হতে পারেননি। বাকি আটজন সাগরে ভেসে যান। তিনি, আক্কাস ও সাগর নামে আরও দুজন কিছুক্ষণ ট্রলার আঁকড়ে ছিলেন। পরে তীরে পৌঁছানোর আশায় সাঁতার শুরু করলে সবাই একসময় বিচ্ছিন্ন হয়ে যান।

আল আমিন আরও বলেন, পরে তিনি একটি তেলের পট ভাসতে দেখে সেটি আঁকড়ে ধরে টিকে ছিলেন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর বুধবার বিকেলে ভোলার দুলাল মাঝির ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করেন।

গজালিয়া ইউনিয়নের ইউপি সদস্য কলিমুল্লা খান জানান, আল আমিনের জীবিত উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তাকে চরফ্যাশন থেকে গলাচিপায় আনা হয়েছে। সুস্থ হলে নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, আল আমিনের তথ্য অনুযায়ী অন্য নিখোঁজ পাঁচ জেলেও জীবিত থাকতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, উদ্ধার হওয়া জেলে অন্যদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে গলাচিপার ১১ জেলেকে বহনকারী একটি ফিশিং ট্রলার ডুবে যায়। পরদিন পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও আল আমিনকে উদ্ধার করা হয় বুধবার বিকেলে। বর্তমানে আরও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন হারুন হাওলাদার, এমাদুল, ফোরকান, সায়েম ও আকাশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নেতৃত্বে ২৯ দেশের এআই জোট