আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে : স্বরাষ্ট্র মন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে : স্বরাষ্ট্র মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে : স্বরাষ্ট্র মন্ত্রী ছবির ক্যাপশন:

প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিবর্তে আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিচার সম্পন্ন হবে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শীর্ষ নেতৃত্ব অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং তাদের নেতাকর্মীদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। তবে এই বিচার হবে সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।

তিনি জানান, এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে ব্যক্তি ও সংগঠন—উভয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না।”

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের উদাহরণ টেনে বলেন, সেখানে যেমন নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল, তেমনি বাংলাদেশেও আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বক্তব্যে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার অভিযোগের বিষয়ে দলটির কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সে জন্য রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক সংগঠনের আন্দোলন ছিল না; এটি ছিল দেশের সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে এবং ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী আচরণ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষাংশে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নতুন প্রজন্মের ওপর বর্তায়। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতীয় বিস্ফোরকসহ কুরিয়ার গাড়ি আটক, মামলা দায়ের

ভারতীয় বিস্ফোরকসহ কুরিয়ার গাড়ি আটক, মামলা দায়ের