শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, এবারের ব্যাচে দেশের ৬৪ জেলার মোট ৪ হাজার ৮০০ তরুণ-তরুণী কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। তার মতে, এই উদ্যোগ আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা দেশীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার শিক্ষিত যুব-যুবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।
এবারের প্রশিক্ষণ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইংরেজি, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র, যাতায়াত ভাতা, খাবার এবং মেন্টরিং সুবিধাও প্রদান করা হবে।
কসমিক ডেস্ক