এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর আবেগঘন বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর আবেগঘন বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর আবেগঘন বার্তা ছবির ক্যাপশন:

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য হতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে অভিভাবকদের কঠিন সময়ে সন্তানদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি। শিক্ষকদেরও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে না পারার পর দিনটি তাদের জন্য বেদনা ও হতাশার হতে পারে। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা এবং নিজের ভেতরের অস্বস্তি মিলিয়ে অনেকের কাছে মনে হতে পারে সবকিছু থেমে গেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আসলে কিছুই থেমে যায়নি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পরিচয় নির্ধারণ করে না। একটি নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টার পরীক্ষার খাতায় পাওয়া নম্বর দিয়ে একজন শিক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনাকে বিচার করা যায় না। তাই ফলাফল প্রত্যাশিত না হওয়ায় শিক্ষার্থীদের নিজেদের নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ দেন তিনি।

অকৃতকার্য শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়দের তুলনা এবং সহপাঠীদের আচরণ অনেক সময় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল খারাপ হওয়ায় সন্তান হয়তো পরিবারের সদস্যদের সামনে দাঁড়াতেও ভয় পেতে পারে। এ সময় বকাঝকা, উপেক্ষা বা কঠিন কথা বলার পরিবর্তে সন্তানকে ভালোবাসা, স্নেহ ও সাহস দেওয়ার প্রয়োজন বেশি। তিনি অভিভাবকদের ঘরকে সন্তানের জন্য ‘আদালত নয়, আশ্রয়’ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

শিক্ষকদের প্রতিও বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, একজন শিক্ষার্থীর ব্যর্থতার দায় শুধু তার নিজের নয়; শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবারও সেখানে দায়িত্ব রয়েছে।

অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—এই তিন পক্ষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা সম্ভব বলে বার্তায় গুরুত্ব দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ