ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষ করে নীলফামারীর জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নীলফামারী হাই স্কুল বড় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার পুনরায় আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নীলফামারীর জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বক্তব্য প্রদান শেষে তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
কসমিক ডেস্ক