বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই রেফারি স্লাভকো ভিনচিচ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই রেফারি স্লাভকো ভিনচিচ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই রেফারি স্লাভকো ভিনচিচ ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা স্লাভকো ভিনচিচ।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য নিশ্চিত করেছে। তার নিয়োগের পর থেকেই ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন তিনিই।

কাতার বিশ্বকাপের সেই ম্যাচে হারের পর আর্জেন্টিনা আর কোনো ম্যাচে পরাজিত হয়নি। ফলে একই রেফারিকে আবারও বিশ্বকাপ ফাইনালে দেখে অনেক আর্জেন্টাইন সমর্থকের মধ্যে পুরোনো স্মৃতি ফিরে এসেছে।

৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের অন্যতম অভিজ্ঞ এই রেফারি ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন।

তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার লড়াই।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভিনচিচকে ঘিরে অতীতে একটি বিতর্কও রয়েছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচারবিরোধী পুলিশের অভিযানে তিনি আটক হন। ওই অভিযানে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।

পরে ভিনচিচ দাবি করেন, তিনি শুধুমাত্র একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণও পাওয়া যায়নি। স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও বিষয়টিকে 'ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকা' হিসেবে ব্যাখ্যা করে তার পাশে দাঁড়ায়।

বিতর্ক কাটিয়ে ভিনচিচ নিয়মিতভাবেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। এবার তার কাঁধেই থাকছে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব।

ফাইনালে তার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্দানের আধহাম মাখাদমেহ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটবল তারকা এমবাপ্পে ও অভিনেত্রী এস্টার—বন্ধুত্ব না প্রেম?

ফুটবল তারকা এমবাপ্পে ও অভিনেত্রী এস্টার—বন্ধুত্ব না প্রেম?