ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটার এবং ইউএফসি ফ্লাইওয়েট তারকা আলান নাসিমেন্তো মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে এমএমএ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইউএফসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে আলান নাসিমেন্তোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমবার সকালে নিজ বাসায় বিছানায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তার মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শোকবার্তায় ইউএফসি জানিয়েছে, এই কঠিন সময়ে আলানের পরিবার, বন্ধু, সতীর্থ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে। তার মৃত্যু এমএমএ সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে ইউএফসিতে যোগ দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন আলান নাসিমেন্তো। ফ্লাইওয়েট বিভাগে তিনি দ্রুতই পরিচিত মুখ হয়ে ওঠেন। পেশাদার এমএমএ ক্যারিয়ারে তিনি মোট ২৯টি লড়াইয়ে অংশ নিয়ে ২২টিতে জয় এবং ৭টিতে পরাজিত হন। ইউএফসিতে তার ৬টি লড়াইয়ের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়ে সম্ভাবনাময় ফাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
সবশেষ চলতি বছরের জুন মাসে মিচ রাপোসের বিপক্ষে লড়েছিলেন আলান। সেই ম্যাচে স্প্লিট ডিসিশনে পরাজিত হলেও তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল। সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এবং আগামী অক্টোবরে আবারও অক্টাগনে ফেরার পরিকল্পনা ছিল।
কিন্তু সেই প্রত্যাবর্তনের অপেক্ষা আর পূরণ হলো না। মাত্র ৩৪ বছর বয়সেই জীবনের লড়াই শেষ করে বিদায় নিলেন এই ব্রাজিলিয়ান ফাইটার। তার মৃত্যু শুধু ইউএফসি নয়, পুরো এমএমএ অঙ্গনের জন্যই এক বড় ধাক্কা। ভক্ত, সতীর্থ এবং ক্রীড়াবিশ্ব এখন স্মরণ করছে তার লড়াকু মানসিকতা, নিষ্ঠা এবং রিংয়ের সাহসী উপস্থিতিকে।
কসমিক ডেস্ক