ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম চালু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম চালু ছবির ক্যাপশন:

ভারতের ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে স্লট ইস্যু কার্যক্রম শুরু হয়।

আইভ্যাক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সুযোগ দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে।

নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে উন্মুক্ত করা হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট দিনে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে স্লট বুক করা যাবে না।

এর আগে এক নোটিশে আইভ্যাক জানায়, নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রোববারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আইভ্যাক আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলের মাধ্যমে এবং আরেকটি ওটিপি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন শেষে সাইনআপ সম্পন্ন হবে।

সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতর্কে সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতর্কে সংঘর্ষ