আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজও (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সই করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনের দিন এবং এর আগের ও পরের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সংবাদকর্মী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
এ ছাড়া বিদেশগামী যাত্রী কিংবা বন্দর থেকে আসা জরুরি মালামাল পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ রাখা হয়েছে।
নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালালে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
ভোটারদের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচলের সুযোগ থাকলেও ইঞ্জিনচালিত দুই চাকার বাহন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই ৭২ ঘণ্টার বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
কসমিক ডেস্ক