সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বিজিবি–বিএসএফ বৈঠকেও অগ্রগতি নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বিজিবি–বিএসএফ বৈঠকেও অগ্রগতি নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বিজিবি–বিএসএফ বৈঠকেও অগ্রগতি নেই ছবির ক্যাপশন: সীমান্তে ১২ জন শূন্যরেখায়, বিজিবি–বিএসএফ বৈঠকেও অগ্রগতি নেই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্তে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থা এখনও সমাধান হয়নি। শনিবার সকালে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি–বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বিজিবির নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (সিও) নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনিল কুমার ইয়াদব।

বৈঠকে বিজিবি পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতের কেরালা রাজ্য থেকে আটক করা ১২ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হয়েছিল। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের পক্ষ থেকে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। একই সঙ্গে তারা শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানায়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়। বিএসএফও জানায়, তারা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। ফলে কোনো তাৎক্ষণিক সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বিলগাতুয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করে বিজিবি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেন। পরে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন পরিবারের সদস্যরা রয়েছেন। তারা দাবি করেন, ভারতের কেরালা রাজ্য থেকে তাদের আটক করে সীমান্তে আনা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠক না হওয়ায় শুক্রবার বিকেলে নির্ধারিত আলোচনাও অনুষ্ঠিত হয়নি। এতে করে ১২ জনকে সীমান্ত এলাকায় রাতভর অবস্থান করতে হয়, যা পরিস্থিতিকে আরও মানবিক ও নিরাপত্তাজনিত জটিলতায় ফেলেছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিএসএফ পুশ-ইনের বিষয়টি অস্বীকার করেছে এবং তদন্তের জন্য সময় চেয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।

বর্তমানে সীমান্তে অবস্থানরত ১২ জনকে ঘিরে পরিস্থিতি অনিশ্চিত রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাফিক আইন না মানলে এমন মৃত্যু আরও ঘটবে: আহমাদুল্লাহ

ট্রাফিক আইন না মানলে এমন মৃত্যু আরও ঘটবে: আহমাদুল্লাহ