ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জন্য সহজ, দ্রুত এবং মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা পর্যায়ের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠলে নাগরিকরা আরও স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন। প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণ সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে দুপুরে ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় এবং এমএসই-এমআরই (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সম্পন্ন করে। চলতি বছরের ৩০ এপ্রিল প্রকল্পের কাজ শেষ হয়।
একই দিনে সকালে প্রতিমন্ত্রী ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এছাড়া তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। পরে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কসমিক ডেস্ক