বিএনপির রাজনীতি শান্তি ও সহনশীলতার: আলাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপির রাজনীতি শান্তি ও সহনশীলতার: আলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
বিএনপির রাজনীতি শান্তি ও সহনশীলতার: আলাল ছবির ক্যাপশন:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি কখনোই প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি শুরু থেকেই হিংসা, প্রতিশোধপরায়ণতা ও কুরুচিপূর্ণ রাজনৈতিক আচরণ থেকে দূরে রয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় পিরোজপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে।

আলাল বলেন, অতীতে অন্যরা কী করেছে তার পাল্টা জবাব দেওয়ার রাজনীতিতে বিএনপি কখনো যায়নি। বিএনপির রাজনীতি মানুষকে বিভক্ত করার নয়, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে, চিকিৎসা নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে। দীর্ঘ ছয় বছর কারাভোগের পরও তিনি স্পষ্টভাবে বলেছেন—প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, শান্তি, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আলালের মতে, এই অবস্থান গ্রহণ করার মানসিকতা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

ধর্মীয় প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ধর্মের নামে দেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন প্রতীক নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ মানুষ নানা প্রতীক তৈরি করতে পারলেও একটি ধানের ভেতরে একটি চাল সৃষ্টি করার ক্ষমতা কারও নেই। ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

এছাড়া বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৫-২৬ মৌসুমে খেজুর উৎপাদনে বড় সাফল্যের আশা তিউনিসিয়ার

২০২৫-২৬ মৌসুমে খেজুর উৎপাদনে বড় সাফল্যের আশা তিউনিসিয়ার