কিশোরগঞ্জ-৬ আসনে বোরকা বিতরণ ঘিরে উত্তেজনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কিশোরগঞ্জ-৬ আসনে বোরকা বিতরণ ঘিরে উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
কিশোরগঞ্জ-৬ আসনে বোরকা বিতরণ ঘিরে উত্তেজনা ছবির ক্যাপশন:

কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনের ভৈরব–কুলিয়ারচর এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীনের পক্ষ থেকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায়। আতাউল্লাহ আমীনের পক্ষে অভিযোগে বলা হয়, গণসংযোগ চলাকালে তার সমর্থক নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়।

এনসিপির কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় জানান, প্রতিদিনের মতো ওই দিনও আতাউল্লাহ আমীনকে সঙ্গে নিয়ে তারা এলাকায় গণসংযোগে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে প্রার্থীর বাড়ির সামনে কয়েকজন নারী কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুবদলের কয়েকজন কর্মীর নেতৃত্বে হামলা হয়। হামলার একপর্যায়ে প্রার্থীর বোন ও ভগ্নিপতির সঙ্গেও অসদাচরণের অভিযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভৈরব উপজেলা বিএনপি। দলের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম দাবি করেন, আতাউল্লাহ আমীনের বাড়ি থেকে নারী ভোটারদের একত্র করে বোরকা, চাদর, কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছিল। এসব সামগ্রী দিয়ে ভোটারদের রিকশা প্রতীকের পক্ষে ভোট দিতে প্ররোচিত করার অভিযোগও তোলেন তিনি। স্থানীয় কয়েকজন এ ঘটনায় প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা হয় বলে বিএনপির দাবি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের আগে কোনো প্রার্থীর বাড়ি থেকে নগদ অর্থ বা উপহারসামগ্রী বিতরণ করা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। রিকশা প্রতীকের প্রার্থীর বাড়ির লোকজনই এসব বিতরণ করছিল বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ জানান, নারী কর্মীদের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বোরকা, চাদর, কম্বল ও টাকা বিতরণের মৌখিক অভিযোগও এসেছে। উভয় অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আতাউল্লাহ আমীন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং এবারের নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) শরিফুল আলম।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা শুরু হচ্ছে

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা শুরু হচ্ছে