বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয় উদযাপনের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে নেত্রকোনায়। বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা পৌর শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায়ের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী আনন্দ মিছিল বের করেন। সেই বিজয় মিছিলের ছবি ও ভিডিও ধারণের জন্য দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন।
ভিডিও ধারণের একপর্যায়ে তিনি পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা সুব্রত রায় টিটু জানান, বিজয় মিছিলের ভিডিও করার উদ্দেশ্যেই দীপ্ত ভবনের দ্বিতীয় তলায় উঠেছিলেন। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক