“তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” স্লোগানকে সামনে রেখে পটিয়া সরকারি কলেজে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়ার উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সনাক পটিয়ার সহ-সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় এবং সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশ গুপ্ত, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সজল ধর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।
কর্মসূচির শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম তথ্য অধিকার আইন-২০০৯-এর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও ব্যবহারিক দিক নিয়ে উপস্থাপনা করেন। তিনি তথ্য চেয়ে আবেদন করার নিয়ম এবং আবেদনপত্র পূরণের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান বলেন, “তথ্য অধিকার আইন-২০০৯ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। শিক্ষার্থীরা এ আইন সম্পর্কে সচেতন হয়ে সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করলে অধিকতর স্বচ্ছ ও সঠিক সেবা পাবে। এই আইনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হয়েছে। তাই এ আইন সম্পর্কে সবার জানা এবং প্রয়োজনে এর প্রয়োগ করা উচিত।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কবিশেখর নাথ বলেন, “সনাক দীর্ঘদিন ধরে তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা ভবিষ্যতে তাদের নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য অধিকার আইন সম্পর্কে আরও জানতে বা সহায়তা প্রয়োজন হলে সনাক পটিয়া সর্বাত্মক সহযোগিতা করবে।”
তিনি আয়োজনে সহযোগিতার জন্য পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বাণ পালিত, ইয়াছমিন আক্তার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা, বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, তাকিয়া নূর বৃষ্টি, রিংকা বড়ুয়া, এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়সহ অনেকে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক লিফলেট এবং টিআইবি’র রিস্টব্যান্ড বিতরণ করা হয়।
আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম