সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তানভীরকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে বিভিন্ন ধরনের স্লোগানও দেওয়া হয়। তবে ডিম নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।
মামলাটি দায়ের করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
জানা গেছে, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। তবে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
কসমিক ডেস্ক