সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সারা দেশে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ১২ জুলাইয়ের মধ্যে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য বিশেষভাবে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫ লাখ টাকা এবং ১ হাজার ২০০ টন চাল। কক্সবাজার পেয়েছে ৩০ লাখ টাকা ও ৪৫০ টন চাল। খাগড়াছড়ির জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল।
এ ছাড়া রাঙামাটি জেলার জন্য ২৫ লাখ টাকা ও ৫০০ টন চাল, বান্দরবানের জন্য ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, মৌলভীবাজারের জন্য ১০ লাখ টাকা ও ২০০ টন চাল এবং হবিগঞ্জের জন্য ৫ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের বাকি ৫৭ জেলার প্রতিটিতে প্রাথমিক মানবিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা করে নগদ অর্থ এবং ১০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সহায়তা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হবে, যাতে দুর্গত মানুষের জরুরি খাদ্য ও মানবিক চাহিদা পূরণ করা যায়।
কসমিক ডেস্ক