সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে সিলেট মহানগর পুলিশ। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
কসমিক ডেস্ক