বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দুইশ’র বেশি উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনজীবন ও সমাজে ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে বলে জানানো হয়।
বুধবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের উল্লেখযোগ্য অর্জন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মাধ্যমে প্রকাশিত এই ই-বুকটি সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত হালনাগাদ করা হবে।
প্রকাশিত তথ্যে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিন ছিল মূলত দিকনির্ধারণ, প্রশাসনিক পুনর্গঠন এবং জনগণের আস্থা পুনর্গঠনের সময়। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা এবং বিভিন্ন কাঠামোগত চ্যালেঞ্জের মধ্যেও সরকার দ্রুত কিছু নীতিগত ও জনমুখী উদ্যোগ নিয়েছে।
এই সময়ে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা, প্রশাসনিক ও বিচারব্যবস্থায় ডিজিটাল সংস্কার এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ই-হেলথ কার্ড, ডিজিটাল ভূমিসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও তরুণদের জন্য বিভিন্ন কর্মসূচি।
এছাড়া সরকারি ব্যয়ে সংযম, প্রশাসনিক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মতো রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপও তুলে ধরা হয়।
তবে ই-বুকে স্বীকার করা হয় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণ এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রথম ১০০ দিনে নীতিনির্ধারণে গতি, প্রশাসনিক শৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক ও সেবামুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যও পুনর্ব্যক্ত করা হয়েছে।
কসমিক ডেস্ক