পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিশেষ বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের আর্থিক সক্ষমতা ও ভিসার শর্ত কঠোরভাবে বিবেচনা করা হবে।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভ্রমণকারী যদি নিজের ভ্রমণ ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না দেখাতে পারেন, তাহলে তার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করা হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বিদেশি দর্শনার্থীরা যদি করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলো অপব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার কারণও হতে পারে বলে জানানো হয়েছে।

এই সতর্কতা মূলত যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে ভ্রমণ করতে যাওয়া নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য প্রযোজ্য।

এর মধ্যে পর্যটন, ব্যবসা, শিক্ষা, সাংবাদিকতা কিংবা ট্রানজিটসহ বিভিন্ন ধরনের ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, এসব ভিসাধারীদের অবশ্যই ভিসার শর্ত মেনে চলতে হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান, তাদেরকে ভ্রমণের সময় নিজের ব্যয় নির্বাহ করার সক্ষমতা থাকতে হবে।

এটি নিশ্চিত করার জন্য ভ্রমণকারীদের প্রয়োজনীয় নথিপত্র ও আর্থিক সক্ষমতার প্রমাণ থাকতে পারে।

মার্কিন দূতাবাসের মতে, ভিসা পাওয়ার পরও যদি কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার শর্ত ভঙ্গ করেন বা জনকল্যাণমূলক সুবিধা অপব্যবহার করেন, তাহলে তার ভিসা বাতিল করা হতে পারে।

এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সতর্কবার্তার উদ্দেশ্য হলো ভিসা ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা।

এদিকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করেন।

মার্কিন দূতাবাসের এই নতুন সতর্কতা তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ