সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সমর্থন থাকলে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সমুদ্র উপকূলীয় এলাকায় কারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি লবণ চাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
জ্বালানি খাতের পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জ্বালানি নিয়ে সরকারের ১০ বছরের একটি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিরোধীদলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
এর আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক