ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ করেছে বাংলাদেশ বেতার। গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরিধান করতে বলা হয়েছে। একইসঙ্গে কপালে বড় টিপ ব্যবহার এবং একপাশে ওড়না রাখার বিষয়টি নিরুৎসাহিত করা হয়েছে। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট ও গেঞ্জি ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ বুলেটিনে উপস্থাপকদের পোশাকে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ অফিস আদেশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা হিসেবে দেখছেন, আবার অনেকে ব্যক্তিগত স্বাধীনতা ও উপস্থাপনার ধরনে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তা জানান, মূলত উপস্থাপনায় শালীনতা বজায় রাখার উদ্দেশ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অফিস আদেশে স্বাক্ষরকারী পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ বেতারের এ নতুন নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত প্রকাশ পাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক