বাণিজ্য-অর্থনীতিতে ঘনিষ্ঠ হচ্ছে ইরান ও পাকিস্তান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাণিজ্য-অর্থনীতিতে ঘনিষ্ঠ হচ্ছে ইরান ও পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বাণিজ্য-অর্থনীতিতে ঘনিষ্ঠ হচ্ছে ইরান ও পাকিস্তান ছবির ক্যাপশন:

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। বাণিজ্য, ব্যাংকিং, পরিবহন, জ্বালানি, বিনিয়োগ ও সীমান্ত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যৌথ বাণিজ্য কমিটির দশম অধিবেশনের ফাঁকে ‘ইরান-পাকিস্তান বাণিজ্যের সুযোগ ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকসহ দুই দেশের সরকারি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে মোহাম্মদ আতাবাক বলেন, সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ইরান ও পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি দুই দেশের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং বাণিজ্যিক অবকাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।

ইরান জ্বালানি, খনি, শিল্প, কৃষি, পরিবহন, ট্রানজিট, টেলিযোগাযোগ এবং আধুনিক প্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতায় আগ্রহী বলেও জানান তিনি।

আলোচনায় দুই দেশের মধ্যে ব্যাংকিং জটিলতা নিরসন, ব্যবসায়িক ভিসা সহজীকরণ, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং যৌথ সীমান্ত বাজার চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করা, শুল্ক প্রক্রিয়া সহজ করা, পণ্য বিনিময়ভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি নৌপথ চালুর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।

সফরকালে ইরানি মন্ত্রী পাকিস্তানের ছয়জন ঊর্ধ্বতন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে অর্থনৈতিক, শিল্প, লজিস্টিকস, জ্বালানি এবং যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

পাকিস্তান সরকারও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আলোচনার শেষে প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ দ্রুত প্রণয়নের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইরান-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক নতুন গতি পেতে পারে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাও আরও শক্তিশালী হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এবার মোদির ক্ষমা চাওয়ার পালা : কংগ্রেস

এবার মোদির ক্ষমা চাওয়ার পালা : কংগ্রেস