সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। অপরাধসংক্রান্ত অভিযোগ বা সন্দেহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অপরাধের অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ কারণে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে যেকোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে নিজেরা ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস বলছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়াতেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে সৌদি আরবের প্রচলিত আইন সম্পর্কে অবগত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবে কর্মরত বা বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে দূতাবাসের বার্তা হলো—যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোই নিরাপদ ও আইনসম্মত পথ। এতে ব্যক্তি, সমাজ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি অক্ষুণ্ন থাকবে।
কসমিক ডেস্ক