Cristiano Ronaldo এবার ফুটবল মাঠের বাইরেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। শুধু অভিনয়ই নয়, সিরিজটিতে নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন পর্তুগিজ এই তারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির নাম Day 1s। এটি যুক্তরাজ্যের ফুটবল অঙ্গনকে ঘিরে নির্মিত একটি কল্পকাহিনি, যেখানে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের পেশাগত জীবন ও ব্যক্তিগত নানা দিক তুলে ধরা হবে।
সিরিজটিতে ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন Damian Lewis। Homeland ও Billions–এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত এই ব্রিটিশ অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।
সিরিজটির ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট Darren Dein। নির্মাণের দায়িত্বে রয়েছেন Matthew Vaughn, যিনি Kingsman চলচ্চিত্র সিরিজ পরিচালনার জন্য পরিচিত। রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান UR-Marv Studios-এর এটি প্রথম টেলিভিশন সিরিজ।
এই প্রযোজনায় রোনালদোর সঙ্গে থাকছেন Thierry Henry। এছাড়া অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন ব্রিটিশ র্যাপার Dave এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাট। ইতোমধ্যে লন্ডনে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিরিজটির সম্প্রচারস্বত্ব কিনেনি। তবে ফুটবল ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ যুক্ত থাকায় বড় বড় স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বত্ব কেনার প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ২০২৬ বিশ্বকাপ চলাকালে রোনালদো জানিয়েছিলেন, সেটিই তার শেষ বিশ্বকাপ। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হচ্ছে, তিনি জাতীয় দলের হয়ে বিদায়ের পরিকল্পনাও করছেন। তবে ক্লাব ফুটবলে Al Nassr FC-এর হয়ে খেলা চালিয়ে যাবেন। মাঠের ব্যস্ততা কমে এলে বিনোদন জগতে তার সম্পৃক্ততা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক