রান্নাঘরের অতি পরিচিত একটি উপাদান মেথি, যা ছোট দানার মধ্যেই বহন করে অসাধারণ ভেষজ গুণ। প্রাচীনকাল থেকেই স্বাস্থ্য রক্ষায় মেথির ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে গরমের মৌসুমে সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করার অভ্যাস শরীরকে প্রাকৃতিকভাবে সতেজ রাখতে সাহায্য করে বলে মনে করেন পুষ্টিবিদরা।
মেথিতে রয়েছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি এবং নানা ধরনের খনিজ উপাদান যেমন— ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। এসব উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমকে সমর্থন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সঠিক পরিমাণে—অর্থাৎ আধা কাপ মেথি পানি পান করাই যথেষ্ট উপকার পেতে। অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই, বরং নিয়মিত ও পরিমিত ব্যবহারে শরীর বেশি উপকৃত হয়।
মেথি পানির অন্যতম প্রধান উপকার হলো হজম শক্তি বৃদ্ধি করা এবং কোষ্ঠকাঠিন্য দূর করা। আধুনিক জীবনযাত্রায় এই সমস্যা অনেকেরই দেখা যায়। মেথিতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে। রাতে মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে এর কার্যকারিতা আরও বাড়ে।
ওজন নিয়ন্ত্রণেও মেথি পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে এবং অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। এভাবে ধীরে ধীরে ওজন কমাতে সহায়তা করে।
অনেক গবেষণায় দেখা গেছে, মেথির মধ্যে থাকা কিছু উপাদান শরীরের ক্ষতিকর কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। যদিও এটি চিকিৎসার বিকল্প নয়, তবে প্রতিরোধমূলক খাদ্যাভ্যাস হিসেবে এটি উপকারী বলে ধরা হয়।
ত্বকের যত্নেও মেথি পানি বেশ কার্যকর। নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে টক্সিন দূর হয়, যার ফলে ত্বকের দাগ-ছোপ কমে আসে এবং ত্বক আরও উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে ওঠে।
চুলের যত্নেও মেথি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। মেথি পানি বা মেথি ভেজানো উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলকে শক্ত ও ঘন করতে ভূমিকা রাখে।
এছাড়া গরমের সময় শরীরের অতিরিক্ত তাপ কমাতে মেথি পানি সহায়ক হতে পারে। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ভেতর থেকে প্রশান্তি দেয়।
মেথি পানি খাওয়ার নিয়মও সহজ। একটি গ্লাস পানিতে রাতে মেথি ভিজিয়ে রাখতে হয়। সকালে সেই পানি ছেঁকে খালি পেটে পান করা যায়। চাইলে কুসুম গরম পানিতেও মেথি ভিজিয়ে দ্রুত তৈরি করে পান করা সম্ভব।
সব মিলিয়ে, গরমের সময় সুস্থ থাকতে প্রাকৃতিক ও সহজ একটি উপায় হতে পারে মেথি পানি। নিয়মিত ও পরিমিতভাবে এটি গ্রহণ করলে শরীরের নানা উপকার পাওয়া যায়, যা দৈনন্দিন সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।
কসমিক ডেস্ক