পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি, অভিযোগ মাহদী আমিনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি, অভিযোগ মাহদী আমিনের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি, অভিযোগ মাহদী আমিনের ছবির ক্যাপশন:

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ সিল তৈরির ঘটনা এবং বিভিন্ন স্থানে জাল ভোটের প্রস্তুতির তথ্য সেই পরিকল্পনারই ইঙ্গিত বহন করে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়। প্রাথমিক তদন্তে হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিধিমালা অনুযায়ী ভোটার শনাক্তকরণে মুখমণ্ডল খোলা রাখার নির্দেশনা কঠোরভাবে কার্যকর করতে হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র বা হজের ছবি তোলার সময় যেমন মুখ খোলা রাখা বাধ্যতামূলক, তেমনি ভোটগ্রহণের সময়ও নারী পোলিং কর্মকর্তার সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই নারী কক্ষে যতটা সম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ অপরিহার্য।

মাহদী আমিন অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি আগেও বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। এসব ঘটনায় জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য পাওয়ার কথাও জানান।

তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ওই দলের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে। এতে নির্বাচনকালীন সহিংসতার প্রস্তুতির আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি এবং এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও বলেন, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নিয়েও গুরুতর অসংগতি দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’ নামের একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন, যেটি সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে। অথচ বাস্তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, পর্যবেক্ষকের নামে কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি আগেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এসব অনিয়ম একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে বলে মন্তব্য করে মাহদী আমিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি পুনরায় আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে টানা ৩ দিন আদালত স্থবির, ভোগান্তিতে হাজারো বিচারপ্রা

বরিশালে টানা ৩ দিন আদালত স্থবির, ভোগান্তিতে হাজারো বিচারপ্রা