বিশ্বকাপ ফাইনালের সমাপনী মঞ্চে টম ক্রুজ, জেনিফার হাডসন ও আইশোস্পিড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ফাইনালের সমাপনী মঞ্চে টম ক্রুজ, জেনিফার হাডসন ও আইশোস্পিড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
বিশ্বকাপ ফাইনালের সমাপনী মঞ্চে টম ক্রুজ, জেনিফার হাডসন ও আইশোস্পিড ছবির ক্যাপশন:

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহাযজ্ঞ শেষ হতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের আগে দর্শকদের জন্য থাকছে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে ফুটবলের সঙ্গে মিলবে সংগীত, বিনোদন ও বিশ্ব সংস্কৃতির অনন্য সমন্বয়।

ফিফা প্রকাশিত শিল্পীদের তালিকা অনুযায়ী, এবারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি থাকবে হলিউড সুপারস্টার টম ক্রুজের। এছাড়া মঞ্চে পারফর্ম করবেন ইতালির জনপ্রিয় সংগীতশিল্পী লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং বিশ্বজুড়ে জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড (IShowSpeed)

ফাইনাল শুরুর আগে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক ব্যতিক্রমী বিনোদনের আয়োজন। ফুটবলের উত্তেজনার পাশাপাশি সংগীত ও তারকাদের পরিবেশনায় বিশ্বকাপের সমাপ্তি আরও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছে ফিফা।

এছাড়া চারটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার—এমি, গ্র্যামি, অস্কার ও টনি—জয়ী শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন। তার এই পরিবেশনা সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফিফা জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহর নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতেই এই আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানের সৃজনশীল অংশীদার হিসেবে কাজ করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও, যারা ফুটবল, সংগীত ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার পরিকল্পনা করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, সমাপনী অনুষ্ঠানও ঠিক একইভাবে সংগীত, সংস্কৃতি ও ফুটবলের বৈশ্বিক উদ্‌যাপনের মাধ্যমে এই ঐতিহাসিক আসরের পূর্ণতা দেবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, অর্থাৎ ফাইনালের ৯০ মিনিট আগে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সকাল ১১টায়। এছাড়া ম্যাচপূর্ব বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, বিশেষ বিনোদন এবং পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

ফিফা আরও জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া আরও কয়েকজন শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে। ফলে বিশ্বকাপের মহাসমাপ্তি হতে যাচ্ছে ফুটবল ও বিনোদনের এক অনন্য বৈশ্বিক উৎসবের মধ্য দিয়ে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমার পাচারের পথে ১০০ বস্তা সার জব্দ, বিজিবির হাতে আটক ২

মিয়ানমার পাচারের পথে ১০০ বস্তা সার জব্দ, বিজিবির হাতে আটক ২