চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তবে প্রতিষ্ঠানের মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত ডেভিড ইমন এখনো অধরা রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির, মো. গিয়াস, মো. নয়ন ও মোহাম্মদ আবদুল নাহিদ ফরহাদ। তাদের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই ডিডিএনের মালিক আদিল বিন মামুনের মোবাইল ফোনে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ জুলাই বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
ঘটনার পর চকবাজার থানায় মামলা দায়ের করা হলে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হামলায় সম্পৃক্ততা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। হামলার নির্দেশদাতা কারা এবং পুরো পরিকল্পনার নেপথ্যে কারা ছিল, তা জানতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, হামলায় অংশ নেওয়া বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে হামলার মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।
ডেভিড ইমনকে এখনো গ্রেপ্তার করা না যাওয়ার বিষয়ে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানান তিনি।
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাঁদাবাজি কিংবা হুমকির শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো উচিত, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
কসমিক ডেস্ক