পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ে বন্ধের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ে বন্ধের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ে বন্ধের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ছবির ক্যাপশন:

পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অল্পবয়সী মেয়েদের অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বাল্যবিয়ের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) গৃহীত এক প্রস্তাবে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ বছর বয়সী পাকিস্তানি খ্রিস্টান কিশোরী মারিয়া শাহবাজের ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গত বছরের জুলাইয়ে তাকে অপহরণের পর চলতি বছরের মার্চে জোরপূর্বক ধর্মান্তরিত করে অপহরণকারীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

প্রস্তাবে মারিয়া শাহবাজের জন্য আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর ও বাল্যবিয়ের অভিযোগগুলো নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্তের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রস্তাবে বলা হয়েছে, বিয়ের মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তরের শিকার নারী ও কিশোরীদের প্রায় ৭৫ শতাংশ হিন্দু এবং ২৫ শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের। এ বাস্তবতায় পাকিস্তানকে বিদ্যমান বাল্যবিয়ে প্রতিরোধসংক্রান্ত আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি কার্যকর জাতীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

এছাড়া অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে বিচারিক কাঠামো আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিলে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান’ (এইচআরএফপি) মারিয়া শাহবাজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, পাকিস্তানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বাল্যবিয়ে একটি উদ্বেগজনক ও নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। বর্তমানে মারিয়ার পরিবার আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঋণখেলাপি প্রার্থীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ রোধে জোর প্রস্ত

ঋণখেলাপি প্রার্থীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ রোধে জোর প্রস্ত