বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিতে যাচ্ছেন তামিম ইকবালসহ ঢাকার বিভিন্ন ক্লাবের সংগঠকরা।
রোববার (৮ মার্চ) ঢাকার ক্লাব সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্বাচনের আগেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন প্যানেলের বিরুদ্ধে নানা অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন ঢাকার অনেক ক্লাব সংগঠক।
তামিম ইকবালসহ ক্লাব সংগঠকদের বড় একটি অংশ সেই নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন।
নির্বাচনের ঠিক আগে ঢাকার ১৬টি ক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারা অভিযোগ করে, নির্বাচনে স্বচ্ছতা নেই এবং বিভিন্নভাবে প্রভাব খাটানো হয়েছে।
সেই সময় নির্বাচন বয়কটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেয় কিছু ক্লাব। যার প্রভাব পড়ে দেশের ক্লাব ক্রিকেটে।
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়ার কথা ছিল ২০টি দলের। তবে নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতার কারণে আটটি ক্লাব লিগ বর্জন করে। ফলে ২০ দলের লিগ কমে ১২ দলে পরিণত হয়।
শুধু প্রথম বিভাগ নয়, ঢাকার আরও কয়েকটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও এর প্রভাব পড়েছে। অনেক ক্লাব এখনও স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।
বর্তমান বিসিবি কমিটির অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ কয়েকটি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও ক্লাব ক্রিকেটে স্থিতিশীলতা ফিরেনি।
ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট অনেক সংগঠক মনে করছেন, বিসিবির নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি সমাধান হয়নি।
বর্তমানে বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার প্রায় ৪৫টি ক্লাব। এতে দেশের ক্লাব ক্রিকেট কাঠামোতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
এদিকে সম্প্রতি দেশে নতুন সরকার গঠনের পর ক্লাব সংগঠকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে সমস্যার সমাধান হতে পারে।
এই প্রেক্ষাপটে বিসিবি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ আনুষ্ঠানিকভাবে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে তুলে ধরতে যাচ্ছেন ক্লাব সংগঠকরা।
ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা সবাই এখন এনএসসিতে যাচ্ছি। সব সংগঠক মিলে যে অভিযোগ দেব, সেখানে সবাই সই করেছেন।”
তিনি আরও জানান, নির্বাচনের বিভিন্ন অনিয়ম, ক্লাব ক্রিকেটে সংকট এবং ভবিষ্যৎ সমাধানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে অভিযোগপত্রে।
তামিম ইকবালও এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক দ্রুত সমাধান না হলে দেশের ক্লাব ক্রিকেট কাঠামো আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কারণ ক্লাব ক্রিকেট থেকেই জাতীয় দলের অনেক ক্রিকেটারের উত্থান ঘটে।
এ কারণে সংশ্লিষ্টরা আশা করছেন, ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।
কসমিক ডেস্ক