যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের তিন শতাধিক পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘ দুই মাস ধরে জলাবদ্ধতায় মানবেতর জীবন কাটানো ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে শুক্রবার (১০ জুলাই) রাতে সরাসরি খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দীন খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা এবং বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও স্থানীয় সংবাদকর্মী এস জেড মাসুদ তাজ।
প্রতিটি পরিবারের জন্য দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, আধা কেজি ভোজ্যতেল, এক প্যাকেট বিস্কুট এবং এক প্যাকেট মশার কয়েল।
স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের সময় বিল ভরাট হওয়ায় এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এর সঙ্গে টানা বর্ষণ এবং আশপাশের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পানি যুক্ত হওয়ায় চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে প্রায় দুই মাস ধরে তিন শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।
পানিবন্দি বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ঘরবাড়ি, উঠান ও রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেকেই কর্মস্থলে যেতে পারছেন না, ফলে পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের দেওয়া খাদ্য সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
চেঙ্গুটিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে ছিলেন তারা। রাতে ইউএনও নিজে এসে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
কসমিক ডেস্ক