সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতীয় নারী ফুটবল দল। দলের অন্যতম অভিজ্ঞ ও তারকা ফরোয়ার্ড মনীষা কল্যাণকে এই ম্যাচে পাচ্ছে না তারা। ফলে আক্রমণভাগে কিছুটা দুর্বলতা নিয়ে মাঠে নামতে হবে স্বাগতিক ভারতকে।
গত মার্চে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। সেখানে তারা তিনটি ম্যাচেই হেরে গেলেও দুইটি গোল করতে সক্ষম হয়, যার একটি ছিল মনীষা কল্যাণের দৃষ্টিনন্দন ফ্রি-কিক গোল। চায়নিজ তাইপের বিপক্ষে সেই গোলটি করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজের প্রতিভার জানান দেন।
২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘদিন ধরেই ভারতের আক্রমণভাগের মূল ভরসা হিসেবে বিবেচিত। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি সাইপ্রাসের অ্যাপোলোন লিমাসল এবং গ্রিসের পিএওকে ক্লাবে খেলেছেন, পাশাপাশি উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগেও অংশ নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভারতের কোনো নারী ফুটবলারের জন্য বিরল অর্জন।
২০২২ থেকে ২০২৪ পর্যন্ত অ্যাপোলোন ক্লাবে তিনি ৪৬ ম্যাচে ১৬ গোল করেন এবং দুটি লিগ শিরোপা জেতেন। পরবর্তীতে পিএওকেতে এক মৌসুমে ২৩ ম্যাচে ৮ গোল করেন তিনি। আন্তর্জাতিক পর্যায়েও তার পারফরম্যান্স উল্লেখযোগ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ১৫।
২০১৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন মনীষা কল্যাণ। তবে এবার ক্লাব কমিটমেন্টের কারণে তাকে দলে পাওয়া যাচ্ছে না। তিনি ১ জুন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, কারণ ফিফা উইন্ডো তখনই শুরু হবে।
তার অনুপস্থিতি ভারতের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হলেও বাংলাদেশের জন্য এটি কিছুটা স্বস্তির খবর। কারণ অভিজ্ঞ এই ফরোয়ার্ড মাঠে থাকলে আক্রমণভাগে বাড়তি চাপ তৈরি হতো।
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আগামীকাল রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ নারী দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
কসমিক ডেস্ক