নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. আনন্দ ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় বসবাস করেন।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনন্দ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১ নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কসমিক ডেস্ক